বেনাপোল বন্দরে পণ্যবোঝাই দুটি ভারতীয় ট্রাক জব্দ

পণবোঝাই দুটি ট্রাক জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের আইআরএমের একটি প্রতিনিধি দল। মিথ্যা ঘোষণা দিয়ে ইমিটেশন জুয়েলারি পণ্য আমদানি করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে ট্রাক দুটি জব্দ করা হয়। 
 
রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে প্রতিনিধি দলটি অভিযান চালিয়ে বেনাপোল বন্দরের  জিরো পয়েন্ট এলাকা থেকে পণ্য বোঝাই দুটি ভারতীয়  ট্রাক  জব্দ করে। জব্দকৃত পণ্য চালানটির আমদানিকারক ঢাকার আনাস এন্টারপ্রাইজ। পণ্য চালানটির রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের জেইন এক্সপোর্ট। 
 
আমদানিকারক প্রতিষ্ঠান গত ১ নভেম্বর ঢাকার মেঘনা ব্যাংক লিমিটেড থেকে একটি এলসি খোলেন পণ্যটি আমদানি করার জন্য। পণ্য চালানটির  ইনভয়েজ মূল্য দেখানো হয়েছে ২৬ হাজার ১৬২ মার্কিন ডলার। বেনাপোল কাস্টমস হাউসের ইনভেস্টিগেশন রিসার্স অ্যান্ড ম্যানেজমেন্ট গ্রুপের একটি প্রতিনিধি দল জব্দকৃত মালামাল পরীক্ষণ করবেন। পরীক্ষণে পণ্য চালানটির মালামাল ঘোষণার সঙ্গে মিল আছে কিনা তাও দেখবেন। তবে পণ্য চালানটিতে আমদানিকৃত পণ্যের ঘোষণায় আছে প্লাস্টিক বাংলা অ্যান্ড আদার্স। 
 
বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, গোপন সূত্রে সংবাদ পায় একজন আমদানিকারক ভারত থেকে মিথ্যা ঘোষণার মাধ্যমে একটি পণ্য চালান বেনাপোল বন্দরে নিয়ে আসছে। এমন সংবাদে রবিবার রাতে আইআরএম  টিমের প্রতিনিধি সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা আবদল্লাহ আল মামুনকে নিয়ে  বন্দরের জিরো পয়েন্ট এলাকা থেকে পণ্য বোঝাই দুটি ভারতীয় ট্রাক জব্দ করি। পরে ট্রাক ২টি বেনাপোল কাস্টম হাউসে নিয়ে আসা হয়। আজ  মালামাল  পরীক্ষণ করা হবে। মিথ্যা ঘোষণা ও অমিল পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে  জব্দকৃত ট্রাক দুটির ড্রাইভার দুলাল দাস এবং তপন কুমার প্রাথমিকভাবে জানান তাদের গাড়িতে ইমিটেশন জুয়েলারি জাতীয় পণ্য আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধিকে পাওয়া যায়নি। 
 
 
ইত্তেফাক/ইউবি