একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম আজ-কালের মধ্যে ঘোষণা করতে পারে বিএনপি। আজ বিকাল ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীদের চিঠি দেওয়া হতে পারে বলে জানা গেছে। ইতিমধ্যে তালিকা তৈরি করা হয়েছে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান বলেন, আজ সোমবার বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে।
মনোনয়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বুধবারের মধ্যে দলীয় প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। বাকি কিছু আসনের প্রার্থী ৯ ডিসেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।
গতকাল রবিবার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপি মহাসচিব।
বিএনপি মহাসচিব বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে নির্বাচনে বিশ্বাসযোগ্যতা পাওয়া যাবে। কিন্তু এখনও ধরপাকড় চলছে। নির্বাচন কমিশন এখনো নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আসন বিন্যাস নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের মধ্যে আলোচনা হয়েছে। শিগগরিই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। ঐক্যফ্রন্টের প্রার্থীদের সাক্ষাত্কার নেওয়া হয়েছে। ২০ দলের প্রার্থীদের সাক্ষাত্কার শেষ হয়েছে। এখন এগুলো চূড়ান্ত করার জন্য সবার সঙ্গে আলাপ আলোচনা করে ঐক্যমতে পৌঁছবো বলে আশা করছি।