রিজভীকে বক্তব্য প্রত্যাহারের জন্য উকিল নোটিশ

একাদশ সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ নিয়ে ঢাকা অফিসার্স ক্লাবে ‘গোপন বৈঠক’ প্রসঙ্গে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর দেওয়া বক্তব্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়ে তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গতকাল রবিবার কুরিয়ার যোগে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রিটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ারের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী একেএম আমিনউদ্দিন। নোটিশে বলা হয়েছে, এই সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করা না হলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপি নেতার বক্তব্য ‘ভিত্তিহীন ও ভুল’ দাবি করে নোটিশে বলা হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোনো ষড়যন্ত্রের সঙ্গে আমার মক্কেল জড়িত নন। এমন কোনো বৈঠকও ওইদিন হয়নি। এ ধরনের ভিত্তিহীন ও ভুল বক্তব্যের কারণে আমার মক্কেলের সম্মান ও মানহানি হয়েছে। এ সময়ের মধ্যে উক্ত বক্তব্য প্রত্যাহার করা না হলে আপনার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার কেএম আলী আজমকে জড়িয়ে বিএনপি নেতা রিজভী আহমেদ যে বক্তব্য প্রদান করেছেন তা সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও কল্পনাপ্রসূত দাবি করেছেন ওই কর্মকর্তা। বিভাগীয় কমিশনারের একান্ত সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদে যে তারিখ ও সময়ের উল্লেখ করা হয়েছে সেই তারিখ ও সময়ে তিনি অফিসার্স ক্লাবেই যান নাই। অথচ আলী আজমকে জড়িয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। যা উক্ত কর্মকর্তার সুনাম ও সম্মানের জন্য হানিকর। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অন্তরায় এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।

অন্যদিকে রুহুল কবির রিজভীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব মো. মহিবুল হক।