বাগেরহাটে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫

বাগেরহাটের মোল্লাহাটে বাসের ধাক্কায় অজ্ঞাত (২৫) এক নসিমন যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের জেলার মোল্লাহাট উপজেলার বোয়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
 
স্থানীয়দের বরাত দিয়ে মোল্লাহাট থানার ওসি কাজী মো. গোলাম কবির বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনার একটি যাত্রী বাস  বোয়ালিয়া এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে অজ্ঞাত এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্তত পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
 
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল গফুর রাতে এই প্রতিবেদককে বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসা আহত চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ