কক্সবাজারের উখিয়া হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮টি দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় পাতাবাড়ী বাজারের কামাল সাওদাগরের চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে মো. ফোরকান ও কামাল সাওদাগর নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দোকান মালিকরা।
ক্ষতিগ্রস্ত পাতাবাড়ী বাজারের ডা. সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে জনৈক কামাল সাওদাগরের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দেড় ঘণ্টা পরে উখিয়ার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও মালামাল লুটপাট করা হয়েছে। এ সময় অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছে মো. ফোরকান ও কামাল সাওদাগর। তাদেরকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে পুরে যাওয়া দোকানগুলো পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী।
ইত্তেফাক/বিএএফ