সাভারে গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাভারে নিজ ভাড়া বাড়ি থেকে সাগরিকা (১৮) নামের এক গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই গার্মেন্টস শ্রমিকের স্বামী আলম মিয়া পলাতক।
 
নিহত গার্মেন্টস শ্রমিক সাগরিকার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার কুমারডাঙ্গা গ্রামে। তিনি স্থানীয় স্পায়ার গার্মেন্টসে অপারেটর পদে চাকরি করতেন।
 
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বটতলা এলাকার লিপু মিয়ার চারতলা বাড়ির তিনতলা থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
 
নিহত ওই গার্মেন্টস শ্রমিক সাগরিকার মা নাজমা বেগম জানান, তার মেয়েকে যৌতুকের কয়েক লাখ টাকার জন্য প্রতিদিন মারধর করতো তার মেয়ের জামাই আলম মিয়া। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ ভাড়া ঘরে ফ্যানের সঙ্গে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন সাগরিকা। সকালে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।   
 
সাভার মডেল থানার এসআই অখিল মিয়া জানান, নিহতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের স্বামীকে আটক করার চেষ্টা চলছে। 
 
ইত্তেফাক/নূহু