দুর্নীতি: জেলে যেতে হচ্ছে ফিলিপাইনের সাবেক ফার্স্ট লেডিকে

ফিলিপাইনের সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসকে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করেছেন আদালত। শুক্রবার তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন দুর্নীতিবিরোধী আদালত। এসময় আদালতে ইমেলদা বা তার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। 
 
স্বামীর শাসনামলে অগাধ ধনসম্পদের মালিক হয়ে তা দিয়ে জুতা, গহনা ও আর্টওয়ার্ক কিনে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন এ নারী। শুধু তাই নয় ইমেলদার বিরুদ্ধে ম্যানিলার গভর্নর থাকাকালে সুইস প্রতিষ্ঠানে ২০০ মিলিয়ন ডলার পাচারেরও অভিযোগ রয়েছে।
 
১৯৮৬ সালে সেনা সমর্থিত এক গণঅভ্যুত্থানে ইমেলদার স্বামী ফার্দিনান্দ মার্কোস ক্ষমতাচ্যুত হন। এরপর এ দম্পতির দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ পাওয়া যায়। ১৯৮৯ সালে নির্বাসনে থাকা অবস্থায় মৃত্যু হয় ফার্দিনান্দের। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিলের ১০ বিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
IMG0
 ইমেলদা মার্কোস। ছবি: আলজাজিরা
 
মেয়ের ছেড়ে দেওয়া গভর্নরের আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিবন্ধন করেছেন ইমেলদা। তবে আদালত তাকে অযোগ্য ঘোষণা করেন। আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন তিনি। 
 
ইমেলদার মেয়ে ইমে ইলকস নর্তের মেয়র। তিনি আগামী বছর সিনেটে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তাই মেয়রের পদ ছাড়ছেন তিনি। খবর: আলজাজিরা
 
ইত্তেফাক/জেডএইচ