নওগাঁয় রেল লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাই উপজেলায় আন্তঃনগর ঢাকা-রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলসহ ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানান সান্তাহার জিআরপি থানার ওসি মনিরুল ইসলাম।
 
বিকেল ৫টার দিকে সান্তাহার জংশন স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। রাত সাড়ে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি বলে নিশ্চিত করেছেন সান্তাহার জংশন স্টেশন মাস্টার রেজাউল করিম।
 
নওগাঁর আহসানগঞ্জ (আত্রাই) স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে রংপুরগামী ৭৭১ আপ রংপুর এক্সপ্রেস ট্রেনটি ১৩টি বগি নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসে। বিকেল পৌনে ৪টার দিকে ট্রেনটি আত্রাই উপজেলার শাহাগোলা নামক স্থানে পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে উত্তর ও দক্ষিণ অঞ্চলের সাথে চলাচলকারী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
 
সান্তাহার জংশন স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, রংপুর এক্সপ্রেস ট্রেনের কামড়া লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ও রাজশাহী থেকে আসা চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন আহসানগঞ্জ স্টেশনে, পার্বতীপুর থেকে খুলনাগামী রকেট মেইল সান্তাহার জংশনে এবং চিলাহাটি থেকে রাজশাহী যাওয়ার আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন আক্কেলপুর স্টেশনে আটকা পড়ে।
 
তিনি আরও জানান, সান্তাহার থেকে একটি ইঞ্জিনে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। তবে এ সংবাদ পাঠানোর সময় রাত সাড়ে পর্যন্ত কামড়াটি উদ্ধার না হওয়ায় ওই লাইনে সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাত ১০ টার দিকে লাইনচ্যুত ট্রেন উদ্ধারের পর চলাচল স্বাভাবিক হবে।
 
ইত্তেফাক/বিএএফ