সিজার ছাড়াই একসঙ্গে ৩ সন্তান প্রসব

গর্ভবতী মায়েরা এখন মোটামুটি মানসিকভাবে প্রস্তুত থাকেন তাদের সন্তান প্রসবকালে সিজার করা লাগতে পারে। ঢাকা নগরীর মতো জায়গা, যেখানে প্রসূতিবিদ্যার সবচেয়ে বড় এবং অভিজ্ঞ চিকিৎসকেরা কর্তব্যরত সেখানেও এখন সিজার একটি অতি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। এমন একটি সময়ে স্বাভাবিক প্রসবের মাধ্যমে এক মায়ের গর্ভে তিন সন্তান জন্ম নিয়েছে। 
 
অভয়নগর উপজেলার রাজঘাটের বাসিন্দা রাজিব সরদারের স্ত্রী জুরি বেগমের গর্ভে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে।
 
একসঙ্গে জন্মলাভ করা তিন সন্তানের মধ্যে দুইজন মেয়ে ও একজন ছেলে। নবজাতকের দাদা ও দাদী নবজাতক তিনজনের নাম রেখেছেন ফাতেমা, আয়েশা ও  হুসাইন। 
 
তিন সন্তানের পিতা রাজিব সরদার ও স্ত্রী জুরি ৩ সন্তান একসঙ্গে পেয়ে বেজায় খুশি। তারা সকলের কাছে দোয়া কামনা করেছেন। 
 
দায়িত্বরত সিনিয়র নার্স বেবী রানী বিশ্বাস জানান, সকলে সুস্থ আছে।
 
ইত্তেফাক/নূহু