ইরানের উপর যুক্তরাষ্ট্র গত সপ্তাহে যে অবরোধ আরোপ করেছে, অর্থনীতিতে এর কোনো কার্যকারিতা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। কারণ কার্যত এ ধরনের অবরোধ দেশটি আরো আগেই আরোপ করে রেখেছে বলেও জানান তিনি।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে রুহানি বলেন, আমাদের অর্থনীতিতে এই অবরোধের কোনো কার্যকারিতা নেই। কারণ এর মধ্যেই যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে সব ধরনের অস্ত্রই প্রয়োগ করেছে। আমাদের বিরুদ্ধে তাদের এখন নতুনভাবে করার কিছুই নেই।
ওয়াশিংটন গত সপ্তাহে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। যার উদ্দেশ্য ব্যাংকিং খাত ও জ্বালানি তেল রপ্তানিতে দেশটিকে একঘরে করে ফেলা। এই অবরোধের বিষয়ে কঠিন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তেহরান। রুহানি বলেছেন, তার দেশ গর্বের সঙ্গে অবৈধ ও অনৈতিক অবরোধকে পাশ কাটাতে সক্ষম হয়েছে।
অবরোধের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, তারা ইরানকে বর্তমান বিপ্লবী নীতি থেকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিতে চায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামার সময়ে পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে একটি চুক্তি করে ইরান। যা ইউরোপীয় শক্তি, রাশিয়া, চীন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক অনুমোদন দেয়া হয়েছিল। একতরফাভাবে যুক্তরাষ্ট্রের এই চুক্তি বাতিলের সিদ্ধান্তকে অন্য দেশগুলো সমালোচনা করেছে।
ইত্তেফাক/কেআই