একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে (মাদারীপুর-১) শিবচর আসন থেকে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটনকে মনোনয়ন দেয়ার জন্য জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে প্রস্তাব পেশ করেন।
জানা যায়, শনিবার বিকেলে জেলার শিবচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করে দলটি। সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম লিটন চৌধুরী উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ নের্তৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে পরপর ৫ বার নির্বাচিত সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরীকে একক প্রার্থী হিসেবে সর্ব সম্মতভাবে মনোনয়ন দেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম তালুকদার, পৌর মেয়র আওলাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক মেয়র আ. লতিফ মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান প্রমুখ। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম সভা সঞ্চালনা করেন।
ইত্তেফাক/এমআই