সিলেটের সীমান্ত এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় এক সপ্তাহের ব্যবধানে আবারো পাথরের গর্ত ধসে শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার বিকালে এ প্রাণহানী ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আরেফিন টিলায় জালিয়ারপাড় গ্রামের হুসিয়ার আলি, ইসমাইল আলি গংদের পাথর তোলার গর্তে পাথর তুলতে যান। এরপর তারা তিনজন মাটিচাপা পড়েন। এরমধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। তার পরিচয় জানা যায়নি। অপর দুইজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র অনুযায়ী, বিকাল সাড়ে ৩টায় গর্ত ধসের ঘটনা ঘটে। সন্ধা ৬টার দিকে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে গর্ত মালিক ও শ্রমিক সর্দার পলাতক।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, নিহত শ্রমিকের পরিচয় জানতে খোঁজ নেওয়া হচ্ছে।
এর আগে ৪ নভেম্বর শাহ আরেফিন টিলায় গর্ত ধসে খায়ের গাঁও গ্রামের আবেদ আলির ছেলে ইব্রাহিম মিয়া আহত হন। ওই ঘটনায় আরেক শ্রমিক নিহত হওয়ার দাবি স্থানীয়রা করলেও সেই শ্রমিকের পরিচয় পওয়া যায়নি। গত ১ নভেম্বর আরেক গর্ত ধসে উপজেলার বটেরতল গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে ফরিদ মিয়া নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গর্ত মালিক দেলোয়ার চৌধুরী, মামুন চৌধুরী এবং হাসনু চৌধুরীর নামে মামলা দায়ের করেলেও কাউকে গ্রেফতার করা হয়নি।
উল্লেখ্য, গত এক বছরে শাহ আরেফিন টিলায় অন্তত ৩০ শ্রমিক গর্ত ধসে নিহত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান ও শাহ আরেফিন টিলাকে পাথর উত্তোলনের জন্য ঝুঁকিপূর্ণ বলা হলেও কোনভাবেই থামছে না।
ইত্তেফাক/নূহু