লিডসাস প্রেজেন্টস ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল-২০২১

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সম্প্রতি লিডসাস ফাউন্ডেশন প্রেজেন্টস ‘ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের আয়োজনে এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক তরুণ অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘বুঝতে শেখার পর থেকেই উত্তাল সময় দেখেছি। তখন থেকেই রাজনীতি করতে চেয়েছি। রাজনীতি করতে হলে স্বাধীন পেশায় থাকা দরকার, স্বাধীনতা থাকা দরকার। মানুষের জন্য কাজ করব বলে, মানুষের প্রতিনিধিত্ব করব বলেই রাজনীতিতে এসেছি।’ 

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের জীবনব্যাপী শিক্ষা শিক্ষিত হতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য তৈরি হতে হবে, এত মানুষের চাকরি কোনো দেশ দিতে পারবে না। সে জন্য উদ্যোক্তা হওয়ার জন্য প্রস্ত্তত হতে হবে।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. বিকর্ণ কুমার ঘোষ, ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমির প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন, বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সৈয়দ আলমাস কবির, লিডসাস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাদিক আল সরকার।

অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরে অবদানের জন্য দেশের ১০ তরুণ এবং প্রতিষ্ঠানকে ‘রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড’ তুলে দেন ডা. দীপু মনি।

দিনব্যাপী এই ক্যারিয়ার কার্নিভালে প্রায় ৩০ জন বক্তা তরুণদের ক্যারিয়ার, প্রযুক্তি, উদ্যোগ ও শিক্ষামূলক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। তরুণদের কর্পোরেট দক্ষতা বৃদ্ধি ও সফল উদ্যোক্তা তৈরির জন্য স্কিল এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট গাইডলাইন প্রোগ্রামের সাথে বিভিন্নভাবে যুক্ত থাকছে লিডসাস। আন্তর্জাতিক ও দেশবরেণ্য সফল ব্যক্তিরা এসব আয়োজনে শিক্ষার্থীদের বিভিন্ন কর্পোরেট স্কিল ও ক্যারিয়ার গাইডলাইন প্রদান করে অনুপ্রেরণা দেন। দেশের তরুণদের বেকারত্ব দূর করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের কাজের সুযোগ করে দিতে এধরনের কার্যক্রমগুলো বেশ ফলপ্রসূ।