জাতীয় পার্টি কোন জোট নিয়ে ভাবছে না: মুজিবুল হক চুন্নু

জাতীয় পার্টি কোন জোট নিয়ে ভাবছে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবে।’ 

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ফেনী জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন বলেন মহাসচিব। দলের প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপির সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মুজিবুল হক চুন্নু বলেন, ‘আওয়ামী লীগ কর্মীরা এমনভাবে লুটপাট করছে যাতে আগামী বিশ-ত্রিশ বছরে তাদের আর অভাব হবে না। আওয়ামী লীগ কর্মীরা লুটতরাজ ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। আর বিএনপিও লুটতরাজ করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি শুধু মুক্তি চাই মুক্তি চাই বলে চিৎকার করছে। কিন্তু দেশের মানুষের দুর্দশার কথা এই দুটি দল ভাবছে না। সংসার চালাতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। মানুষের কাজ নেই, ঘরে ঘরে কয়েক কোটি বেকার দুর্বিসহ জীবন যাপন করছে।’

দেশ ও দেশের মানুষের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন করতেই জাতীয় পার্টির রাজনীতি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবে। দেশের মানুষ মাটির নিচ দিয়ে রেললাইন আর আসমান দিয়ে সড়ক পথ দেখতে চায় না। দেশের মানুষ চায় প্রতিটি জেলা ও উপজেলা শহরে বিশেষায়িত হাসপাতাল, সেখানে তারা বিনামূল্যে সকল চিকিৎসা পাবে।’ আগামী নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি মহাসচিব।

ফেনী জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় বক্তব্য আরও রাখেন-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, ফেনী জেলা আহ্বায়ক রাশেদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মো. জসীম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, থানা নেতৃবৃন্দের মধ্যে ভিপি জহির উদ্দিন, জাফর আহমদ রাজু, শাহরিয়ার ইকবাল, মুজিবুর রহমান বাবুল, কামরুল ইসলাম ক্লাইফ, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম মজুমদার ও রফিকুল ইসলাম ভূঁইয়া।