খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীকে মারধরে অভিযোগ দীর্ঘ আড়াই ঘণ্টা খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গল্লামারী মোড়ে অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থান গল্লামারী মোড়ে চরম ভোগান্তিতে পড়ে দূর-দূরান্তের যাত্রীরা।
এদিকে, পুলিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় নয়ন হওলাদার নামে এক যুবককে আটক করেছে। মারধরের শিকার খুবির দুই শিক্ষার্থী হলেন-আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সবুজ হোসেন ও ভাস্কর্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলহাজ মোল্লা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের আহত দুই শিক্ষার্থী সবুজ হোসেন ও আলহাজ মোল্লা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তারা মোটরসাইকেলে নগরীর গল্লামারী থেকে ময়লাপোতার দিকে যাচ্ছিলেন। এ সময় একই দিকে যাওয়া একটি প্রাইভেটকারের চালক ও যাত্রীদের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে তাদের বাগবিতান্ডা হয়। এরপর প্রাইভেটকারের চালক ও স্থানীয় কয়েকজন যুবক মিলে তাদের মারধর করে। এ সময় ওই যুবকরা জোর করে একজনকে প্রাইভেটকারে করে ময়লাপোতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থল থেকে তারা কোনো রকমে দৌড়ে পালিয়ে ক্যাম্পাসে এসে ঘটনাটি অন্য শিক্ষার্থীদের জানায়। সংবাদ পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুর ২টা থেকে গল্লামারী মোড়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে। বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন ঘটনাস্থলে আসেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের বৈঠকের মাধ্যমে মারধরের সঙ্গে জড়িতদের ব্যবস্থা গ্রহণ করা হবে জানালে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নেবে বলেও জানান অধ্যাপক মো. শরীফ হাসান লিমন।
এদিকে, বঙ্গোপসাগরে লঘু চাপের কারণে শুক্রবার খুলনায় সকাল থেকে সারাদিন বিরামহীন বৃষ্টি হয়। এই অবস্থায় সড়ক অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়ে দূর-দূরান্তের যাত্রীরা।
এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার সহকারী পরিদর্শক (এসআই) রোহিত কুমার বিশ্বাস বলেন, খুবির দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. নয়ন হাওলাদার নামে এক যুবককে আটক করা হয়েছে।