‘মুম্বাইতে ৩ শতাংশ বিবাহবিচ্ছেদের কারণ যানজট’

ভারতের মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃত ফড়নবিশ বলেছেন, রাজ্যের প্রধান শহর মুম্বাইয়ের যানজটের কারণে তিন শতাংশ বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে। শনিবার (৫ ফেব্রুয়ারি) দেশটির বাণিজ্যিক রাজধানীখ্যাত মুম্বাইয়ের সড়ক ও যানজট পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন উদ্ভট দাবি করেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

বিবাহবিচ্ছেদ নিয়ে এমন মন্তব্যের ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রীর এই স্ত্রী। শিব সেনার নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী ‌তার এই মন্তব্যকে ‘দিনের সেরা (অযৌক্তিক) যুক্তি’ বলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর অনেক ব্যবহারকারী অমৃত ফড়নবিশকে নিয়ে সমালোচনা ও হাস্যরসাত্মক মন্তব্য করেছেন। কেউ কেউ তাকে নিয়ে কৌতুক এবং মিমসও বানাচ্ছেন।

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অমৃত ফড়নবিশ বলেন, তিনি নিজেও সড়কে গর্ত থাকার কারণে এবং যানজটে আটকে অনেক ভোগান্তিতে পড়েন। আমি দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী, সেটা ভুলে যান। আমি একজন নারী হিসাবে আপনাদের সঙ্গে কথা বলছি। সড়কের খানাখন্দ এবং যানজট কীভাবে আমাদের সমস্যায় ফেলে, তা নিয়ে আমারও অভিজ্ঞতা আছে।