এবার সেই মায়ের পাশে উপজেলা প্রশাসন 

চাঁদপুরের মতলবে সিজারের বিল পরিশোধের জন্য নবজাতক বিক্রি করা সেই তামান্না বেগমকে চৌকি, কম্বল ও খাদ্য সামগ্রী উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সব সামগ্রী পৌঁছে দেন সহকারী কমিশনার হেদায়েত উল্লাহ। এসব সামগ্রী পেয়ে আনন্দে কেঁদে ফেলেন তামান্না বেগম।

কান্না-কণ্ঠে তিনি বলেন, ‘স্বামী থাইকাও নাই, সন্তান বেইচা হাসপাতালের পাওনা মিটাই। কাউরে পাশে পাইলাম না। সন্তান বেইচা ৭ দিন কানলাম (কাঁদলাম), কারো সহযোগিতা পাইলাম না। হঠাৎ বাচ্চারে লইয়া প্রশাসন আমার বাড়িতে হাজির। আমার বুকের মানিকরে আমার কোলে ফিরাইয়া দিলো। আমরা মাটিতে ঘুমাই বইলা আজ চৌকি, কম্বল আর বিভিন্ন খাওন-দাওন লইয়া স্যারেরা (প্রশাসন) আমার বাড়িতে হাজির। দোয়া করি আল্লায় স্যারগো বালা করুক, বাঁচাইয়া রাখুক।’

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান জানান, ওই শিশুটির মা তামান্না বেগম মাটিতে ঘুমান। মানবিক কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি চৌকি উপহার দেওয়া হয়েছে। এছাড়া শীত নিবারণের জন্য কম্বল ও খাদ্য সামগ্রী হিসেবে চাল-ডাল দেওয়া হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিক্রি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে তার প্রকৃত মায়ের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।  বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ইত্তেফাক অনলাইনে ‘নবজাতক বিক্রির সংবাদ প্রকাশের পর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার কার্যক্রম সার্বিকভাবে তত্ত্বাবধান করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।