কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি। রবিবার (৬ জানুয়ারি) নেপালি ভাষায় লতা মঙ্গেশকরের গাওয়া গানের কথা উদ্ধৃতি করে তাকে স্মরণ করেন বিদ্যা দেবী ভান্ডারি।
সামজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভান্ডারি বলেন, ‘প্রখ্যাত ভারতীয় গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুতে আমি মর্মাহত, লতাজি সুরেলা কণ্ঠে অনেক নেপালি গান গেয়েছিলেন। লতাজি নেপালি গান গেয়ে নেপালের সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। আমি প্রয়াত লতা মঙ্গেশকরকে গভীর শ্রদ্ধা জানাই। এক কথায় তিনি অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন।’
রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮ টা ১২ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। করোনা আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন তিনি। প্রথম থেকেই তাকে আইসিইউ-তে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি। (এএনআই)