শাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক ১

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক হয়েছেন এক শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মৌখিক পরীক্ষার সময় তার জালিয়াতির বিষয়টি ধরা পড়ে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোস্তাক আহমেদ। 

এ বিষয়ে শাবির সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক মো. আবু হেনা পহিল বলেন, আটক হওয়া ওই ভর্তিচ্ছু শিক্ষার্থীর নাম ইকবাল হোসেন সাইদ। তার রেজিস্ট্রেশন থাকলেও লিখিত পরীক্ষার সময়ে তার হয়ে অন্য এক ব্যক্তি অংশ নিয়েছিল বলে নিশ্চিত হওয়া গেছে। মৌখিক পরীক্ষার সময়  বিষয়টি ধরা পড়ে।

রেজিস্ট্রেশন ফর্ম অনুযায়ী, সাইদের বাবার নাম রফিকুল ইসলাম এবং মায়ের নাম ফাতেমা বেগম। তার রোল নম্বর ৩৫১৭৬৩। চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটির ইউসুফ চৌধুরী ভবনের ২য় তলায় 'বন ও পরিবেশবিদ্যা' বিভাগের ১ নম্বর রুমে পরীক্ষার হল ছিল তার। তবে সেখানে অন্য এক ব্যক্তি লিখিত পরীক্ষায় অংশ নেয়।

ইকবাল হোসেন সাইদকে শাবি প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।