করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজে গিয়েছিলেন পাইলট। কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় দুর্ঘটনার কারণে এই ‘কোভিডযোদ্ধা’কে গুনতে হচ্ছে বিশাল অঙ্কের জরিমানা। এর পরিমাণ ৮৫ কোটি রুপি। ভারতের মধ্যপ্রদেশ সরকার এ জরিমানা করেছে। অভিযুক্ত পাইলটের নাম মজিদ আখতার।
সরকারের অভিযোগ, পাইলট মজিদ এবং তার সহকারী শিব জায়সবালের গাফিলতিতে গত বছর গ্বালিয়র বিমানবন্দরে অবতরণের সময় তাদের উড়োজাহাজটি রানওয়েতে রাখা একটি ব্যারিকেডে ধাক্কা দেয়। সে কারণে বিমানবন্দরে রাখা অন্য একটি উড়োজাহাজেরও ক্ষতি হয়েছে। পণ্যবাহী ঐ সরকারি ক্যারিয়ারে কোভিড রোগীদের চিকিৎসার ওষুধ ও সরঞ্জামের পাশাপাশি করোনা পরীক্ষার নমুনা ছিল।
তবে মজিদের বক্তব্য, রানওয়েতে রাখা ঐ ব্যারিকেড সম্পর্কে অবতরণের আগে এয়ারট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে পাইলট এবং কো-পাইলটকে কোনো সতর্কবার্তা পাঠানো হয়নি। এতে বলা হয়, উড়োজাহাজটির মূল্য ৬০ কোটি রুপি। এছাড়া দুর্ঘটনার ফলে সেটি স্থায়ীভাবে অচল হয়ে পড়ায় কোভিড পরিস্থিতিতে কাজ চালাতে বেসরকারি উড়োজাহাজ ভাড়া করতে হয় মধ্য প্রদেশ সরকারকে। তার জন্য খরচ হয় আরো ২৫ কোটি রুপি। সেজন্য মজিদের কাছ থেকে ৮৫ কোটি টাকা জরিমানা চেয়েছে মধ্য প্রদেশ সরকার। সূত্র: এনডিটিভি