ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। বাংলাদেশের এই অগ্রগতি সত্যিই ঈর্ষণীয়। বৃহস্পতিবার সিলেট স্টেশন ক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হয়েছে। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক বেড়েছে। পরিবার পরিকল্পনা, অর্থনৈতিক অগ্রগতি, শিশু মৃত্যুরোধ, পুষ্টিখাতসহ সকল খাতেই বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয়। ২০২৬ সালের মধ্যেই বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। এই অগ্রগতি নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্রিটেন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হয়েছে। এতে ব্রিটেন ও বাংলাদেশের সরকার ও জনগণের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।
ব্রিটিশ হাই কমিশনার বলেন, বাংলাদেশ ও ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সিলেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রায় ৬ লাখ ব্রিটিশ বাংলাদেশি স্থায়ীভাবে বসবাস করছেন, যার ৯০ ভাগেরই আদি নিবাস সিলেট। যুক্তরাজ্যের খাদ্য সেক্টরে তাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনার ক্ষেত্রেও বিপুল সাফল্য অর্জন করছে।
ব্রিটিশ হাই কমিশনার রোহিঙ্গাদের সম্পর্কে বলেন, তাদেরকে নিরাপদে, সম্মানজনক উপায়ে তাদের দেশে ফিরিয়ে নিতে হবে। ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে স্থান দেওয়া বাংলাদেশের একটি বিশাল উদারতা। আন্তর্জাতিক অঙ্গনে এই সমস্যা সমাধানের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করা গেলে রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো সম্ভব হবে।
সভায় ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের গভর্নেন্স পলিটিক্যাল টিমের প্রধান টম বুর্গ, প্রেস অ্যান্ড কমিউনিকেশন্স অফিসার নারায়ণ দেবনাথ, ক্যাম্পেইন অ্যান্ড পার্টনারশিপ অফিসার আহসান সাজিদ, সিলেট কনস্যুলেট অফিসার রাহিন চৌধুরী উপস্থিত ছিলেন।