‘কিয়েভ দখল নিতে পারে রাশিয়া’  

ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। পশ্চিমাদের শঙ্কা দেশটি ইউক্রেনে যেকোনো সময় হামলা চালাতে পারে। এর মধ্যে নতুন সতর্কবার্তা দিলেন পশ্চিমা গোয়েন্দারা।

শনিবার (১২ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সংবাদদাতা নাতাছা বাটলার বলেন, পশ্চিমা শক্তির গোয়েন্দা সূত্র বলছে রাশিয়ান বাহিনী রাজধানী কিয়েভকে ঘিরে রাখার কথা বিবেচনা করতে পারে। 

তিনি বলেন, 'এখানে রাজধানী শহরে রাশিয়ানদের শীতল যুদ্ধের সময় নির্মিত বোমা আশ্রয়কেন্দ্রগুলো পুনরায় চালু করছে কর্তৃপক্ষ। কিয়েভের মেয়র বলেছেন যদি তাদের প্রয়োজন হয় তাহলে বোমা আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত থাকবে।' 

এদিকে শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে যেকোনো সময় হামলা চালাতে পারে। আমেরিকান নাগরিকদের উচিত ইউক্রেন দ্রুত ত্যাগ করা। 

হোয়াইট হাউস আরও বলছে 'বোমা হামলার মাধ্যমে আক্রমণ শুরু হতে পারে। এতে আমেরিকানদের প্রস্থান কঠিন হবে ও বেসামরিক নাগরিকরা বিপদে পড়বে।' 

ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া এই শঙ্কায় নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ সাতটি দেশ। 

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, লাটভিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলেছে।