চাচা-ভাতিজাদের খাওয়ার প্রতিযোগিতা, জয়ী হলেন যারা

মুখোমুখি বসে আছেন চাচা-ভাতিজাদের দল। দুই দলেরই সদস্য ২০ জন। কারো বয়স ১৮, আবার কারো ৬০ বছর। রাত ৯টা বাজলেই তারা শুরু করেন খিচুড়ি আর গরুর মাংস খাওয়া। যে দল বেশি খিচুড়ি-মাংস খেতে পারবেন তারাই হবেন বিজয়ী। বরিশাল নগরীর ভাটিখানা শরীফ বাড়ির গলিতে শুক্রবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। কয়েক বছর ধরে স্থানীয়দের নিয়ে এই ভিন্নধর্মী আয়োজন করছেন টুলু শরীফ।

টুলু শরীফ জানান, প্রতিযোগিতায় চাচা ও ভাতিজা নিয়ে ২০ জনের দুইটি দল থাকে। দুই দলের জন্য মোট ২ মণ খিচুড়ি ও ৩০ কেজি গরুর মাংস রান্না করা হয়। ৭৫ মিনিট বা সোয়া এক ঘণ্টার মধ্যে যে দল বেশি খেতে পারবেন তারাই জয়ী। চাচা-ভাতিজাদের খাওয়া দেখতে রীতিমতো ভিড় জমে যায়। নানাভাবে উত্সাহ দেন তারা।

নির্দিষ্ট সময় পর দেখা যায়, ভাতিজারা খেয়েছেন ৩৮ কেজি খিচুড়ি আর ১৫ কেজি গরুর মাংস। চাচার দলও শেষ করেছেন ১৫ কেজি মাংস তবে খিচুড়ি খেয়েছেন ৩২ কেজি। ভাতিজাদের দলকে বিজয়ী ঘোষণা করলেও দুই দলই জানায়, তারা সমান আনন্দ পেয়েছেন। খাওয়া শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বরিশাল সুপার আতিকুর রহমান মিলন বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।