স্কুলশিক্ষার্থীকে ৪ ডোজ টিকা দেওয়ায় ঘটনায় তদন্ত কমিটি

নেত্রকোনার মদন স্বাস্থ্য কেন্দ্রে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে একই সময় টিকার চার ডোজ দেওয়ার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার নেত্রকোনার সিভিল সার্জন মো. সেলিম মিয়া এ কমিটি গঠন করেন।

নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালের ডাক্তার অভিজিত লোহকে প্রধান করে মেডিক্যাল অফিসার ডাক্তার উত্তম কুমার পাল ও ইপিআই তত্ত্বাবধায়ক মজিবুর রহমানকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়।

এদিকে শিক্ষার্থীর শারীরিক অবস্থা ভাল থাকায় শনিবার সন্ধ্যায় তাকে বাসায় পাঠানো হয়েছে।

আবিদা বিনতে আজিজ নামে ওই শিক্ষার্থীর মা রাজিয়া সুলতানা জানান, ‘আমার মেয়ের অবস্থা আগের চেয়ে ভাল আছে। তার শরীরে জ্বর ও হাতে ব্যথা থাকায় আমরা এখনো আতঙ্কে আছি। শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা আমার মেয়েকে দেখে গেছেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হুমায়ুন কবির জানান, শিক্ষার্থীর অবস্থা আজ পর্যন্ত ভাল আছে। তবে তাকে বাসায় পর্যবেক্ষণে রাখা  হয়েছে।

সিভিল সার্জন ডাক্তার মো. সেলিম মিয়া জানান, একই ব্যক্তিকে এক সঙ্গে চারটি ডোজ দেওয়ার সুযোগ নেই। তবে এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।