রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় শাহরিয়ার স্টিল মিলে লোহা গলানোর সময় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন- শাহিন (২৫), আক্তার হোসেন (৫০) ও মাইন উদ্দিন (২২)।
হাসপাতালে নিয়ে আসা তাদের সহকর্মী শফিউল ইসলাম জানান, রাতে স্টিল মিলে লোহা গলানোর কাজ চলছিল। সেখানে একটি লোহার বন্ধ পাইপ বিস্ফোরিত হলে গলিত লোহা শরীরে পড়ে তিনজন শ্রমিক দগ্ধ হন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, তিন শ্রমিকের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।