রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী পর্যটক ক্রিস্টিন ভার (৩৩) মারা গেছেন। ৬৩ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
গত ২৮ অক্টোবর রাতে বনানী থানার ৭ নম্বর সড়কের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লাগলে দগ্ধ হন ক্রিস্টিন। পরে তাকে প্রথমে গুলশান ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ওই বাসার ম্যানেজার মোহাম্মদ আল আমিন জানান, রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন ক্রিস্টিন। গত ১৫ অক্টোবর ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসার পর তিনি বনানীর ৭ নম্বর সড়কের ৬৬ নম্বর বাসার ব্লক বি/১-এর একটি ফ্ল্যাটে উঠেছিলেন।
আজিনা মটো কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাপানি নাগরিক নাকাসিমা ফুমিয়াকি জানান, ক্রিস্টিন তার বান্ধবী। তারা দুজন গত ১৫ অক্টোবর থেকে ওই বাসায় একসঙ্গে থাকছিলেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ক্রিস্টিনের শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জাতীয় বার্ন ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
