ডিস্কো কিং বাপ্পী লাহিড়ী। কোনো ক্লাব ও ডিস্কোতে আজও ‘ডিস্কো ডান্সার’, ‘ডান্স ডান্স’ ছবিতে তার করা গানে মাতোয়ারা হয় শ্রোতা। সত্তর থেকে আশির দশকে বাপ্পী লাহিড়ীর ম্যাজিকই ছিল এমন। তবে শুধু যে ডিস্কো গান তা নয়, রোমান্টিক গানেও বাপ্পী লাহিড়ীর সুরে ছিল সমান জাদু। কিন্তু ৬৯ বছর বয়সে চলে গেছেন এই গায়ক। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তার।
মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালের পরিচালক ডা. দিপাক নামযোস্বী ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, গত এক মাস ধরে লাহিড়ী ওই হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে তাকে বাড়িতে নেওয়া হয়। পরদিন মঙ্গলবার তার শরীর বেশ খারাপের দিকে গেলে তাকে আবারও হাসপাতালে আনা হয়। তিনি অনেকগুলো জটিল রোগে ভুগছিলেন। তিনি ওএসএ (নিদ্রা জনিত রোগ) আক্রান্ত হয়ে মারা গেছেন।
মৃত্যুর মাত্র দুইদিন আগে ইনস্টাগ্রাম পোস্টে নিজের সংগ্রহে থাকা পুরনো একটি ছবি শেয়ার করেন। তিনি লিখেছিলেন, ‘ওল্ড ইজ অলওয়েজ গোল্ড’। এটিই ছিলো তার শেষ পোস্ট।
গত শতকের ৮০ ও ৯০ এর দশকে ডিস্কো সংগীত দিয়ে শ্রোতাদের বুঁদ করে রেখেছিলেন বাপ্পি লাহিড়ী। বলিউডের ডিস্কো ডান্সার, চলতে চলতে, শরাবি এবং কলকাতার অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেম সিনেমার গানে সুর দিয়েছেন তিনি। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে সবশেষ গান গেয়েছেন ‘বাগি-৩’ সিনেমার জন্য।
সবশেষ টিভি রিয়েলিটি শো বিগ বস ১৫ এর শেষ মৌসুমে পর্দায় হাজির হয়েছিলেন বর্ষীয়াণ এই শিল্পী। এই মৌসুমে অতিথি হিসেবে এই শোতে হাজির ছিলেন তিনি।
ইত্তেফাক/বিএএফ