সেনবাগে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নোয়াখালীর সেনবাগের পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের সুমনের ছেলে ওয়ারিদ (২) উঠানে খেলার সময় পাশবর্তী পুকুরে পড়ে ডুবে যায়।

পরিবারের লোকজন পুকুর থেকে তুলে সেনবাগ স্বাস্হ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

একইদিন দুপুরে একই ইউপির পাইথক এলাকার আবুল বাশারের শিশু পুত্র জাহিদুল (১৭ মাস) খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অচেতন অবস্হায় স্বাস্হ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার সন্ধ্যায় স্বাস্হ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উত্তম ইত্তেফাককে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।