খুলনায় পেঁয়াজের বাজার আবারও উর্ধ্বমুখী। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ১২ টাকা। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা।
সরেজমিনে নগরীর কয়েকটি বাজার ঘুরে জানা যায়, মানভেদে প্রতিকেজি পেঁয়াজ ৩৬-৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ২৫-২৮ টাকায়।
খুলনা ট্রাক টার্মিনালের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ও জামাল বাণিজ্য ভাণ্ডারের মালিক মো. সেলিম জানান, তিন দিন ধরে বাজারে পেঁয়াজের উত্তাপ ছড়াচ্ছে। খুলনায় এ পণ্যটির সিংহভাগ আসে ফরিদপুর থেকে। সেখানে দাম বেড়েছে। দাম বাড়ার জন্য তিনি গত সপ্তাহের বৃষ্টিকে দায়ী করছেন।
একই বাজারের ব্যবসায়ী ও হেলাল ভাণ্ডারের মালিক মো. শাহাদাত হোসেন বলেন, বাজারে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। প্রতিদিন এ বাজারে সাত ট্রাক পেঁয়াজের প্রয়োজন হয়। কিন্তু সেখানে আসছে মাত্র তিন ট্রাক।
বড় বাজারের ব্যবসায়ী মো. কামরুল হোসেন বলেন, বাজারে পেঁয়াজের আমদানি খুব কম। সোহেল আরমান নামে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, তেল, চাল ও ডালের মূল্যবৃদ্ধির পর এবার বেড়েছে পেঁয়াজের দাম। দিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু আমাদের আয় বাড়ছে না।