চোখ থাকবে যাদের ওপর 

দিনটা ১২ ডিসেম্বর, ২০১৭। মিরপুরে সেদিন ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান ক্রিস গেইল। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬৯ বলে ৫ চার ও ১৮ ছক্কায় ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলে রংপুর রাইডার্সকে এনে দেন বিপিএল শিরোপা। তিন আসর পর আজ আবারও বিপিএলের ফাইনালে গেইল। দেখা মিলবে কি ইউনিভার্স বস খ্যাত পুরনো সেই দানবের?

ফাইনালের আগ পর্যন্ত ফরচুন বরিশালের হয়ে পুরো আসরটা কাটিয়েছেন ছন্দহীনভাবে। কখনো চার, কখনো ওপেনিংয়ে ব্যাট করেছেন। কিন্তু বলতে গেলে তার কাছ থেকে কিছুই পায়নি বরিশাল। হয়তো জমিয়ে রেখেছেন শেষের জন্য। 

গেইলের ওপেনিং পার্টনার মুনিম শাহরিয়ারের ওপর চোখ থাকবে বেশ। ভয়ডরহীন ও আগ্রাসী ব্যাটিংয়ে সমর্থকদের হৃদয় জয় করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। পাঁচ ইনিংসে মোটে ১৭৮ রান করলেও ব্যাট করেছেন ১৬১.৮১ রান স্ট্রাইকরেটে। বাংলাদেশি ওপেনারদের ক্ষেত্রে যা বিরল।

মুনিম আটকাতে পাওয়ার প্লেতে কুমিল্লার তুরুপের তাস হতে পারেন সুনিল নারিন। ক্যারিবিয়ান রহস্য স্পিনার বোলিংয়ে এখনো নিজের জাদু দেখাতে পারেননি। তবে ব্যাট হাতে ঠিকই ঝড় তুলেন। কোয়ালিফায়ার-২-এ চট্টগ্রামের বিপক্ষে তার দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন বিপিএলে। যার সুবাদে তৃতীয়বার ফাইনালে কুমিল্লা। নারিন ছাড়াও লাইমলাইটে থাকবেন দলটির বাকি দুই বিদেশি ফাফ ডু প্লেসিস ও মঈন আলী। সঙ্গে লিটন-মুস্তাফিজরা তো আছেনই। 

তাদের কাউকেই হয়তো জ্বলে ওঠতে দিবেন না সাকিব। আফগানিস্তানের মুজিব উর রহমানের সঙ্গে মিলে গড়েছেন দারুণ এক স্পিন জুটি। ফাইনালে আসার পেছনে এই জুটির অবদানই বেশি। তবে ব্যাটিং (২৭৭ রান) দিয়ে নিজেকে আলাদা করে রেখেছেন সাকিব। টানা পাঁচ বার ম্যাচসেরা হয়ে টি-২০তে গড়েছেন বিশ্বরেকর্ড। বিপিএলে প্রথমবারের মতো ফাইনাল সেরা হওয়ার সুযোগটা নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না এই অলরাউন্ডার।