কুমিল্লায় ড্রামট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ নিহত ৬

কুমিল্লায় মাটিবাহী ড্রামট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ ৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, অটোরিকশার চালক বুড়িচংয়ের সাদকপুর গ্রামের মৃত ছাফর আলীর ছেলে মো. জুলহাস মিয়া (৬০), যাত্রী একই গ্রামের আবুল হাশেমের ছেলে জহিরুল ইসলাম (৩৫), কংশনগর গ্রামের দৌলত খানের ছেলে মো. জালাল (৩৭), একই গ্রামের আবদুল মতিনের ছেলে মো. আলমগীর (২৭), দেবিদ্বার উপজেলার ছগুরা গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৩)। এ দুর্ঘটনায় আরো একজন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন, তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে একটি নম্বরবিহীন বেপরোয়া গতির মাটি বহরকারী ড্রাম ট্রাক কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় আসার পর ক্যান্টনমেন্টগামী একটি একটি সিএনজি চালিত অটোরিকশাকে (কুমিল্লা-থ-১১-১৩০৩) পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। এ দুর্ঘটনায় গুরুতর আহত অজ্ঞাতনামা ২ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে একজন মারা যান।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ৫ জন ও হাসপাতালে নেয়ার পর অজ্ঞাতনামা একজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত অজ্ঞাতনামা আরো একজন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘাতক ড্রাম ট্রাক ও দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।