রাজশাহীতে পদ্মায় ডুবে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর দরগাপাড়ার মুক্তম এলাকার পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাইমুনা খাতুন (১৩), জেলার চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামের ফজলুল হকের মেয়ে।
এদিকে মাইমুনাকে উদ্ধার করতে পদ্মায় নেমে লুবাইয়া নামের আরেক ছাত্রী আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা রাজশাহীর মহানগরীর উপশহর এলাকার বেসরকারি ‘মাদরাসাতুস সুফফাহ আল আরাবিয়াহ’র আবাসিক ছাত্রী। নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও দমকল সূত্র জানায়, সকালে নগরীর মাদরাসাতুস সুফফাহ আল আরাবিয়াহর ৬ জন শিক্ষার্থী পদ্মা নদীর ধারে হাটতে বের হয়। তারা মুক্তম এলাকায় পৌঁছালে মাইমুনা নদীর পানিতে পা ভেজানোর চেষ্টা করে। কিন্তু হঠাৎ করেই সে পদ্মার পানিতে পড়ে ডুবে যায়। এসময় তার ৩ সহপাঠী পানিতে নেমে উদ্ধারের চেষ্টা করলে তারাও পদ্মার পানিতে তলিয়ে যেতে থাকে। পরে স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করতে পারলেও মাইমুনা নিখোঁজ ছিল। এ খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি ও কর্মীরা গিয়ে মাইমুনা খাতুনের লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।