পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজারসংলগ্ন কপোতাক্ষ নদের ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। এ ভাঙনে নতুন করে ঝুঁকির মধ্যে পড়েছে খুলনা-পাইকগাছা সড়ক, আগরঘাটা কাঁচাবাজার ও আশপাশের কয়েকটি গ্রাম।
সরেজমিন দেখা গেছে, উপজেলার কপিলমুনি ও হরিঢালী ইউনিয়নের আগড়ঘাটা বাজার থেকে মামুদ কাটি বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকায় কপোতাক্ষ নদের ভাঙন চলছে। এতে মামুদ কাটি এলাকার জেলেপল্লি, দর্গামহল গ্রাম ও আগড়ঘাটা বাজার ভেঙে নদের গর্ভে চলে গেছে। আগড়ঘাটা বাজারের কাঁচাবাজার বিলীন হয়ে গেলেও দর্গামহল গ্রামের ৩০-৪০ ঘর মানুষ নদের পাড়েই বসবাস করছেন। বাকিরা অন্যত্র জমি কিনে বসবাস শুরু করেছেন।
পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাজু আহম্মদ বলেন, আমরা সার্ভে করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়েছি। আগড়ঘাটা বাজার ও তার আশপাশের এলাকাটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। নদী বরাদ্দের টাকা ছাড় করার জন্য চিঠি দিয়েছি, টাকা দিলে দুই মাসের মধ্যে কাজ শুরু করব।