১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি বা পহেলা ফাল্গুন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ৩১ বছর পেরিয়ে ৩২ বছরে পদার্পণ করেছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। তবে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকলেও সাধারণ শিক্ষার্থীদের অংশ নিতে দেখা যায়নি।
শাবিপ্রবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম যথাক্রমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এরপর ১০টা ১০মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। ১০টা ২০ মিনিটে বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য ‘শোভাযাত্রা’ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোল চত্বরে মিলিত হয়। পৌনে এগারোটার দিকে গোল চত্বরে কেক কাটার মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়।