২২ ফেব্রুয়ারি থেকে জবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা চালু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পুনরায়  সশরীরে ক্লাস ও সেমিস্টার পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী  ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হবে। তবে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাসের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডীনস্ কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস এবং চলমান সেমিস্টার পরীক্ষা যথারীতি চালু থাকবে।

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকার বিষয়টি বিবেচনায় স্কুল,কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার । এরই প্রেক্ষিতে গত ২১ জানুয়ারি এক জরুরী সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সরকারি নির্দেশনা অনুযায়ী সশরীরে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।