সুলতান বলে কথা!

পুরোনো দিনের রাজা-বাদশাহরা গল্পকথা হয়ে ইতিহাসের পাতাতেই ঠাঁই নিয়েছেন। তবে ব্রুনেইয়ের সুলতানের ক্ষেত্রে সে কথা খাটে কি? তার ধন-সম্পত্তির পরিমাণ বা বিলাসবহুল জীবনের কথা শুনলে অনেকেরই চোখ কপালে ওঠার জোগাড় হবে। তার নাম তৃতীয় হাসানাল বোকাইয়া ইবনি ওমর আলী সাইফউদ্দিন। তবে গোটা দুনিয়া তাকে চেনে হাসানাল বোকাইয়া নামেই। মালয়েশিয়া এবং দক্ষিণ চীন সাগরে ঘেরা বোর্নিও দ্বীপের ছোট্ট দেশ ব্রুনেইয়ের সুলতান তিনি। সেদেশের প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি একাধিক মন্ত্রণালয়ও তার অধীনে। সশস্ত্র বাহিনীরও প্রধান তিনিই। বলা চলে নিজের দেশে তিনিই রাজা।

টাইম পত্রিকার বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, সোনার কাঠি নিয়েই জন্মেছিলেন হাসানাল বোকাইয়া। দুনিয়ার ধনী ব্যক্তিদের মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছেন। পৈত্রিক সূত্রে ধনী হওয়ার পাশাপাশি দেশের তেল এবং প্রাকৃতিক গ্যাসের খনিগুলোর থেকে মুনাফাও যোগ হয় তার সম্পত্তিতে। ১৯৮৮ সাল পর্যন্ত তিনিই ছিলেন বিশ্বের শীর্ষ ধনী। এখন শীর্ষ ধনী এলন মাস্কের থেকে পিছিয়ে পড়লেও কম বিলাসী নন ৭৫ বছর বয়সী হাসানাল বোকাইয়া।

হটকারস রিপোর্ট নামে একটি ওয়েবসাইট জানিয়েছে, তার ১১০টি গ্যারেজে রয়েছে প্রায় ৭ হাজার গাড়ি। তার মধ্যে ৫০০টি রোলস রয়েস এবং ৩০০টি ফেরারি। সব মিলিয়ে যার মূল্য ৫০০ কোটি ডলারেরও বেশি। সেই সঙ্গে রয়েছে একাধিক বিলাসবহুল প্রাইভেট জেট। রয়েছে সোনায় মোড়া বোয়িং ও এয়ারবাসের কয়েকটি বিমানও।

ব্রুনেইয়ের সুলতানের প্রাসাদও কম জমকালো নয়। ২ হাজার ৬৫০ কোটি টাকার ঐ প্রাসাদের রয়েছে ১ হাজার ৭০০টি ঘর। ২৫৭টি বাথরুম। সঙ্গে পাঁচটি সুইমিংপুল। পাশাপাশি, ১১০টি গ্যারেজ এবং ২০০টি ঘোড়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবলও।

সুলতান বলে কথা। যিনি প্রতি মাসে অন্তত একবার তার চুল কাটান। তিন থেকে চার সপ্তাহ অন্তত তার চুলের স্টাইল ঠিক রাখতে খরচ পড়ে প্রায় ১৫ লাখ টাকা। লন্ডন থেকে উড়ে আসেন তার হেয়ারড্রেসার। তাকে প্রথম শ্রেণির বিমানভাড়ার জন্য ১২ হাজার ডলার (১০ লাখ টাকার বেশি) দিতে হয় সুলতানকে।