কবি কাজী রোজীর মৃত্যুতে  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজীর (৭৩) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২০ ফেব্রুয়ারি) রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এ উপলক্ষে পৃথক শোকবার্তা প্রদান করেন।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, কাজী রোজী তার লেখনীর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কাজ করে গেছেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাষ্ট্রপতি কাজী রোজীর রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কবি কাজী রোজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, কবিতার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারে তার সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কাজী রোজী। তিনি মাল্টি অর্গান সমস্যার কারণে বেশ কিছুদিন যাবৎ আইসিইউতে আইসোলেশনে ছিলেন।