২২ ফেব্রুয়ারির পর থাকছে না করোনার বিধিনিষেধ: মন্ত্রিপরিষদ সচিব

আগামী ২২ ফেব্রুয়ারির (মঙ্গলবার) পর দেশে চলমান করোনার বিধিনিষেধ আর থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘২২ ফেব্রুয়ারির পর থেকে আর বিধিনিষেধ দেওয়া হবে না। তবে যে কোনো অনুষ্ঠানে যাবে, যেখানে যাবে, সবাইকে মাস্ক পরতে হবে। সবাইকে সেটা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।’

রবিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে শেষে দেওয়া এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পরিস্কার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী পরশু (২২ ফেব্রুয়ারি) থেকে স্কুল-কলেজ (বিশ্ববিদ্যালয় সহ) খোলা হবে, ১ তারিখ (১ মার্চ) থেকে প্রাইমারি স্কুল খুলবে। এরপর থেকে আর বিধিনিষেধ দেওয়া হবে না। তবে সবাই যাতে অবশ্যই মাস্ক পরে, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, একুশে পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী বলেছেন, কোভিডের বিষয়টা নিয়ে সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংক্রমণ পরিস্থিতি একটু কমফোর্টের দিকে যাচ্ছে বলে রিল্যাক্স যেন না হই। আজ মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। সব লেভেলের লোকদের এটা মানতে হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে এক কোটি ভ্যাকসিন দেওয়ার প্রোগ্রাম নেওয়া হয়েছে। এটা প্রচারের জন্য বলা হয়েছে। পৃথিবীর অনেক দেশ টিকা দিতে পারছে না। তবে আমাদের পর্যাপ্ত টিকা আছে। বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, সবাই যাতে সহযোগিতা করি।

উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান (মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা) খুলে যাচ্ছে, আর ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ও খুলে যাচ্ছে। ২২ ফেব্রুয়ারি থেকে বিধিনিষেধের সময়সীমা আর বাড়ছে না।’

গেল ১৩ জানুয়ারি থেকে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ইস্যুতে সরকারের বিধিনিষেধ আরোপ করে। এর আগে ১০ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) এর নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হলো। ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ১১ দফা মেনে চলতে হবে।