‘দেশে ট্রান্সজেন্ডার বান্ধব স্বাস্থ্যসেবা নেই’

দেশে ট্রান্সজেন্ডার (তৃতীয় লিঙ্গের মানুষ) বান্ধব স্বাস্থ্যসেবা নেই বলে অভিযোগ করেছেন আলোচকরা। ফলে স্বাস্থ্যসেবা নিয়ে তারা সব সময় ভোগান্তিতে পড়েন। এই পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে ‘সম্পর্কের নয়া সেতু’র আয়োজনে অনুষ্ঠিত 'কোভিড-১৯ বিষয়ক সংযোগ সভায় আলোচকরা এসব তথ্য তুলে ধরেন।

সংগঠনের সভাপতি জয়া সিকদার বলেন, 'করোনাকালীন সবচেয়ে বেশি সংকটে পড়েছেন হিজড়া জনগোষ্ঠীর মানুষ। তারা নানা শারীরিক ও মানসিক সমস্যায় পড়লেও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছেন। হাসপাতালে গিয়েও চিকিৎসকদের সহযোগিতা পাননি। হিজড়া রোগীকে পুরুষ সিটে ভর্তি করাবেন, নাকি নারী সিটে ভর্তি করাবেন এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন কর্তৃপক্ষ।

করোনা টিকা পেতেও অসুবিধার কথা জানিয়ে জয়া সিকদার বলেন, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র না থাকায় অনেক হিজড়া করোনা টিকা নিতে পারেননি। যারা টিকা পেয়েছেন, তাদের অনেকে টিকার সনদ পাননি। এছাড়া করোনায় হিজড়া মানুষেরা চরম খাদ্য ও অর্থ  সংকটে পড়েন।

‘সম্পর্কের নয়া সেতু’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুটুল জানান, 'করোনাকালীন হিজড়া জনগোষ্ঠী মানুষের জীবনে চরম বিপর্যয় নেমে এসেছে। তখন আমরা তাদের খাদ্য সহায়তা ও মানসিক সাপোর্ট দিয়েছি। ভবিষ্যতে এমন মহামারি আসলে সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান জানান, সরকার সামাজিক কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। জনসংখ্যা বেশি হওয়ায় হয়তো সময় মতো সব সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না।

অনুষ্ঠানে নারী পক্ষ, সচেতন হিজড়া অধিকার সংঘ, সুস্থ জীবন, পদ্মকুঁড়ি হিজড়া সংঘ, আলোকিত শিশুসহ বেশকিছু সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।