খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় শুভ হাওলাদার (১১) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের একটি মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
শুভ হাওলাদার নগরীর আনিস বিশ্বাস আদর্শ স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, রবিবার বেলা ১২টার পর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তার মাথা, গলা, হাতসহ একাধিক স্থানে ইটের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের সময় দুর্বৃত্তদের সঙ্গে শিশুটির ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। এছাড়া সেখান থেকে রক্তমাখা একটি ইট উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলটি নির্জন হওয়ায় হত্যাকারীরা নির্বিঘ্নে শিশুটিকে হত্যা করে পালিয়ে গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
নিহতের বাবা ভাঙারি বিক্রেতা ইব্রাহিম হাওলাদার জানান, শুভ তাদের একমাত্র সন্তান। সকালে ছেলেকে নাস্তা খাইয়ে ভ্যান নিয়ে তিনি বাইরে বের হন। মাও ঘরের বাইরে যায়। এ সময় তাকে হত্যা করা হয়।
নগরীর সোনাডাঙ্গা থানার এসআই রোহিত কুমার বিশ্বাস বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।