ভারতের টেস্ট দল থেকে বাদ পড়ার পর পরই প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা। তার অভিযোগ, দ্রাবিড় না কি তাকে আর ভবিষ্যতের জন্য ভাবছেন না এবং আকার-ইঙ্গিতে অবসর নিতে বলেছেন। এবার সেই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন ‘দ্য ওয়াল’ খ্যাত ভারতের সাবেক এই ব্যাটার।
ঋদ্ধিমান সাহার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাহুল দ্রাবিড় বলেছেন, ‘আমি আসলে মোটেও কষ্ট পাইনি। ঋদ্ধি ও তার অর্জন এবং ভারতীয় ক্রিকেটে তার অবদানের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমার কথোপকথন সেই জায়গা থেকে এসেছে। আমি মনে করি তিনি (ঋদ্ধি) এ ব্যাপারে সততা এবং স্পষ্টতা প্রাপ্য।’
এ সময় রাহুল দ্রাবিড় এটাও বলেন যে, তিনি এ ধরনের কথোপকথন অন্যান্য খেলোয়াড়দের সঙ্গেও করে যাবেন। এবার তারা সেটা পছন্দ করুক বা না করুক। ভারতের প্রধান কোচ বলেন, ‘এটি খেলোয়াড়দের সঙ্গে আমার ক্রমাগত কথোপকথন সম্পর্কে। আমি এটাও আশা করি না যে, খেলোয়াড়রা সবসময় তাদের সম্পর্কে আমি যা বলি তার সঙ্গে একমত হবে। এটা এভাবে কাজও করে না। আপনি খেলোয়াড়দের সঙ্গে কঠিন কথোপকথন করতে পারেন। তবে এর অর্থ এই নয় যে, আপনি এটিকে এড়িয়ে যাবেন এবং কথোপকথন করবেন না।’
ভারতের সাবেক এই অধিনায়ক আরও বলেন, খেলোয়াড়দের সঙ্গে তার আলোচনার দর্শন একাদশ নির্ধারণ করার আগেও হয়ে থাকে। তিনি বলেন, ‘প্রতিটি প্লেয়িং ইলেভেন বাছাই করার আগে আমি সবসময় এই ধরনের আলোচনায় বিশ্বাস করি। বিশেষ করে কেন তারা খেলছে না, সে ব্যাপারে। এখন খেলোয়াড়দের মন খারাপ হওয়া এবং আঘাত পাওয়া স্বাভাবিক।’