ডাকাতির প্রস্তুতিকালে বগুড়ায় দেশীয় অস্ত্রসহ ৫ শিক্ষার্থী গ্রেফতার

বগুড়ায় ধারালো ছোরা, বার্মিজ চাকু, চাইনিজ কুড়াল,৩টি মোটর সাইকেল ও পটকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে বগুড়া শহরের ভাটকান্দি এলাকার একটি মেহগনী গাছের বাগান থেকে তাদেরকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তারা একত্র হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। 

গ্রেফতার কৃতদের মধ্যে একজন স্কুলের বাকি ৪ জন কলেজের শিক্ষার্থী। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া পুলিশ সুপারের সন্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এসব তথ্য জানান। এর আগে তাদেরকে আদালতে পাঠিয়ে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রবিবার শহরের বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছিল। রাতে সংবাদ আসে ভাটকান্দি ব্রিজের পূর্ব পাশে একটি মেহগনি বাগানের মধ্যে ৮-১০ জন যুবক অবস্থান করছে। সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে চারদিক ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন যুবক অন্ধকারে পালিয়ে গেলেও পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২৮ ও ২০ ইঞ্চি দৈর্ঘ্যর দুটি ধারালো ছোরা, একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু ও পাঁচটি পটকা উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়। মোটর সাইকেল তিনটির মধ্যে দুটির কোন রেজিষ্টেশন নেই। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, ডাকাতি করার জন্য তারা সেখানে অবস্থান করছিল। লেখাপড়ার পাশাপাশি বাড়তি আয়ের জন্য তারা ছিনতাই ও ডাকাতির পরিকল্পনা করে একটি সংঘবদ্ধ গ্রুপ গঠন করে। গ্রেপ্তারকৃতদের নামে বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।