'বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিযোগিতায় দ্বিতীয় শাবি

'বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'সাস্ট ড্রিমার'স। তাদের প্রজেক্ট এর নাম 'SUST Bangla NLP Tool Kit'।

বিজয়ী দলটির সদস্যরা হলেন, শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদ আহমেদ ফয়সাল এবং মোহাইমিন আবিদ মেহেদী।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ বিষয়টি জানান দলটির মেন্টর ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান নাহিদ৷

সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান নাহিদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং লেখক ও তথ্যপ্রযুক্তিবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

সীমিত পরিসরে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।

বিসিসি ও আইসিটি বিভাগের ইবিএলআইসিটি প্রকল্পের আওয়াতায়  এ প্রজেক্টে ১৪৭টি প্রজেক্ট জমা পড়ে। যেখান থেকে গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সেরা ১০টি প্রজেক্ট নির্বাচন করা হয়। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে 'অভিযাত্রিক' নামের একটি দল এবং তৃতীয় হয়েছে ইন্টেলিজেন্ট মেশিনস লিমিটেড ও অনুমিতি।

প্রসঙ্গত, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলা ভাষা-প্রযুক্তি সংশ্লিষ্ট গবেষণা ও সফটওয়্যার ডেভেলপমেন্টে কার্যক্রমে নিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ গবেষক ও ডেভেলপারদেরকে উৎসাহিত করার জন্য ‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ (AI for Bangla) প্রতিযোগিতা ২০২১ শুরু হয়। এই লক্ষ্যে তরুণ গবেষক ও ডেভেলপারদের কাছ থেকে পুরস্কারের উদ্দেশ্যে  ‘ডেটাসেট’, ‘মডেল’ কিংবা ‘ওয়ার্কিং-প্রটোটাইপ’ (প্রথম ধাপে ধারণাপত্র ও দ্বিতীয় ধাপে রিসোর্স) জমা নেওয়া হয়।