বইমেলায় আলমগীর শাহরিয়ারের ‘নগ্ন পায় হেঁটে যায় বাংলাদেশ’

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি ও গবেষক আলমগীর শাহরিয়ারের নতুন কাব্যগ্রন্থ ‘নগ্ন পায় হেঁটে যায় বাংলাদেশ’। বইটি প্রকাশ করেছে চৈতন্য। প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ। এটি লেখকের দ্বিতীয় কাব্যগ্রন্থ তৃতীয় বই।

এর আগে ২০২০ সালে তাঁর প্রথম কবিতার বই ‘নিদাঘ দিনের গান’ প্রকাশিত হয়েছিল। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত হয়েছিল তাঁর গবেষণা-প্রবন্ধগ্রন্থ ‘রবীন্দ্রনাথ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও উপমহাদেশে সাম্প্রদায়িকতা’। বইগুলো পাঠকপ্রিয়তা পেয়েছে।

আলমগীর শাহরিয়ারের জন্ম সুনামগঞ্জের ছাতকে। ছাতকের পাইগাঁও উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সিলেট সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু। তারপর কাজ করেছেন একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গবেষণা-সহযোগী হিসেবে। বর্তমানে বিশ্বসাহিত্য কেন্দ্র ঢাকায় কর্মরত।

বিভিন্ন অনলাইন পোর্টাল ও জাতীয় সংবাদপত্রে নিয়মিত লেখালেখি করেন আলমগীর শাহরিয়ার।  বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে একজন আমন্ত্রিত লেখক হিসেবে তিনি লন্ডনের Tower Hamlets Council আয়োজিত Brady Arts Centre-এর Freedom and Independence Theatre Festival 2021-এ Youth Writing Project অংশ নিয়েছেন।

‘নগ্ন পায় হেঁটে যায় বাংলাদেশ’ বইটি পাওয়া যাচ্ছে গ্রন্থমেলার চৈতন্য প্রকাশনা সংস্থার ৫৭৬-৫৭৭ নং স্টলে। বইটির মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা। অনলাইনে বইটি পাওয়া যাচ্ছে রকমারি ডটকমের ওয়েবসাইটে।