বৈদ্যুতিক মিটার চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার 

সিরাজগঞ্জের কামারখন্দ থেকে বৈদ্যুতিক মিটার চোর চক্রের চারজন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।  বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, চোর চক্রের সর্দার সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চৌবাড়ীয়া গ্রামের কাইয়ুম আলীর ছেলে সবুজ মিয়া (২৬), বগুড়া জেলার কাহালু উপজেলার শীলকহর তেতুলিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে হৃদয় হাসান রাজু (২৪), আদমদীঘি থানার বিনাহালি গ্রামের আব্দুল গফুর আকন্দের ছেলে গোলাম রাব্বানী ওরফে সাগর হোসেন (২৬) ও সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার রেহাই পুকুরিয়া গ্রামের লিটন মিয়ার ছেলে মারুফ উদ্দিন (২৭)।

পুলিশ সুপার জানান, কিছুদিন ধরে সিরাজগঞ্জের কামারখন্দ থানা এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুতের আবাসিক ও বাণিজ্যিক বৈদ্যুতিক মিটার চুরির বিষয়টি জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার রহস্য উদঘাটনসহ চুরি হওয়া মিটার ও চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে।