রাজশাহীতে চার দিনব্যাপী (২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা-২০২২’ শুরু হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এ মিলনমেলা শুরু হয়।
এদিন দুপুরে সোনা মসজিদ স্থলবন্দর এবং বিমানে ঢাকা হয়ে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিসহ ৬০ জনের প্রতিনিধি দল রাজশাহীতে এসে পৌঁছেছেন।
প্রতিনিধি দলে রয়েছেন, ত্রিপুরা রাজ্য সরকারের উপ-মুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণুদেব বর্মা, ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী শ্রী রাম প্রসাদ পাল, বিহার রাজ্য সরকারের মন্ত্রী সৈয়দ শাহনেওয়াজ হোসেন ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিমন্ত্রী ড. হুমায়ুন কবীর, আই.পি এস (ভিআরএস)।
এছাড়া বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী মো. জুনাইদ আহমেদ পলকসহ সংসদ সদস্য, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্তরের প্রতিনিধিরা রাজশাহীতে পৌঁছেছেন। আমন্ত্রিত অতিথিবৃন্দের জন্য শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে এক নৈশভোজের আয়োজন করা হয়েছে।
এদিকে, শুক্রবার বিকেলে মিলনমেলার অংশ হিসেবে রাজশাহী কলেজ মাঠে রাজশাহী চেম্বার অব কমার্স আয়েজিত চারদিনব্যাপী পণ্যমেলা উদ্বোধন করা হয়েছে। মিলনমেলা আয়োজন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এই মেলার উদ্বোধন করেন।
এ সময় ফ্রেন্ডস অব বাংলাদেশের সমন্বয়ক শামসুল আরেফিন, আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা ও রাজশাহী মেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় ৩৫টি স্টল বসেছে।
অন্যদিকে, মিলনমেলা উপলক্ষে রাজশাহী মহানগরীকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। রঙ, বে-রঙের ব্যানার-ফেস্টুন, বাংলাদেশ ও ভারতের রঙিন পতাকা, সড়কে আলপনা ও ডিভাইভারে রঙের কাজ ও আলোকসজ্জাসহ নতুনরূপে সেজেছে রাজশাহী মহানগরী।
এছাড়া রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত অবৈধ স্থাপনামুক্ত করা হয়েছে। ফলে সুন্দর ও ঝলমলে মহানগরী আরও সুন্দর হয়ে উঠেছে। ভ্রাতৃ-প্রতীম দুই প্রতিবেশী দেশের বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য মিলনমেলাকে ঘিরে রাজশাহীজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পৃষ্ঠপোষকতায় ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন করেছে। এই মিলনমেলার মাধ্যমে দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।