এবার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন কাজল

বেশ কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিলো মা হতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। চলতি বছরের শুরুতে বিষয়টি স্বীকার করে নেন তার স্বামী গৌতম কিচলু। এবার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন কাজল।

ছবি দেখেই বোঝা যাচ্ছে- কিছুটা ওজন বেড়েছে তার। মুখ ফুলে যাওয়ায় মাতৃত্বকালীন ছাপ স্পষ্ট। মুখে হাসি, পরনে লাল রঙের শাড়ি আর ভারি গয়না। ছবি দেখে অনেকের মন্তব্য, এ যেন চোখ ফেরানো দায়!

২০২০ সালের ৩০ অক্টোবরে মুম্বাইয়ে প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেন কাজল। করোনার কারণে তাদের বিয়েতে হাজির ছিলেন হাতেগোনা ঘনিষ্ঠ কিছু অতিথি। বিয়ের এক বছরের মাথাতেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

কাজল আগারওয়াল

২০০৪ সাল থেকে বলিউডে যাত্রা শুরু হয় কাজলের। ‘সিংঘম’ সিনেমায় অজয় দেবগনের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি।

চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার কাজ সম্পন্ন করেছেন কাজল। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি। এছাড়া ‘উমা’র কাজ সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।