সকালের নাস্তা গুরুত্বপূর্ণ খাবার হিসেবে মনে করা হয়। অনেকে ভাবেন, সকালের নাশতা এড়ালে ওজন কমানো যায়, যা একেবারেই ভুল ধারণা। সারাদিনের কাজের জন্য শরীরকে প্রস্তুত করতে, মনকে প্রফুল্ল রাখতে সকালের ভালো নাস্তা খুব দরকার। তাই সকালের স্বাস্থ্যকর খাবার খেতে হবে। কেউ কেউ কিছু সাধারন ভুল করে থাকেন সকালের নাস্তায়। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী।
ফলের জুস নয়
সকালে অনেকেই ব্লেন্ডারে ফলের জুস তৈরি করে খেয়ে থাকেন। এর চেয়ে ফল খেলে বেশি উপকার পাবেন। কারণ, জুস তৈরি করলে ফলের ভিটামিন, মিনারেল ও ফাইবার বা আঁশ নষ্ট হয়ে যায়। সকালে ফল খাবনে, তার ২০ বা ২৫ মিনিট পর পানি পান করবেন।
সকালের চা
সকালে এক কাপ কফি বা চা শরীর ও মন চাঙ্গা করতে খুব উপকারী। তবে একাধিক কাপ চা বা কফি পানের অভ্যাস না করাই ভালো। এতে শরীরে খারাপ প্রভাব পড়তে পারে।
বার্গার-স্যান্ডউইচ নয়
সকালে অস্বাস্থ্যকর খাবার খেলে শরীরের উপকার তো হয়ই না, উল্টো ক্ষতি হয়। চকলেট, প্যানকেক, বার্গার, স্যান্ডউইচের মতো উচ্চ ক্যালরিযুক্ত খাবার সকালের নাস্তায় খাবেন না। এগুলোর পরিবর্তে শসা, ফল, বাদাম খেতে পারেন।
পানি পান না করা
সকালে উঠে পানি পান করবেন। সকালে উঠে পানি পানে শরীর আর্দ্র থাকে। হজম ভালো হয় এবং গ্যাসট্রিক প্রতিরোধ করে। অনেকে সকালে উঠে পানি পান করেন না, যা ভুল অভ্যাস। মনে রাখবেন পানি পানকে সকালের নাস্তার অংশ হিসেবেই ধরা হয়।