বগুড়ার আদমদীঘিতে আব্দুর রশিদ সরকার নামের এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আল সাফি ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্যাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড প্রদান করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপম দাস। এসময় উপস্থিত ছিলেন র্যাব ও ডিডি এন এসআই রবিউল ইসলাম।
আটককৃত আব্দুর রশিদ সরকার কুমিল্লা জেলার মুরাদ নগরের পিরকাসীমপুর দক্ষিনপাড়ার বাহার আলীর ছেলে। তিনি বিগত ২০০৫ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিশেষজ্ঞ ও সার্জনের পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা প্রদান করে আসছিলেন।
র্যাব জানায়, বগুড়ার আদমদীঘি আল-সাফি ডায়াগনষ্টিক সেন্টারে গত কয়েক সপ্তাহ ধরে পল্লী চিকিৎসক আব্দুর রশিদ সরকার নাক,কান,গলা বিশেষজ্ঞ ও সার্জনের পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা প্রদান করে আসছে এমন গোপন সংবাদে বগুড়া র্যাব-১২ শনিবার সকালে আল-সাফি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারকে হাতেনাতে আটক করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বগুড়া জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপম দাস ভুয়া ডাক্তার আব্দুর রশিদকে ৬ মাসের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের জেল প্রদান করেন।
এব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপম দাস বলেন, আব্দুর রশিদ একজন পল্লি চিকিৎসক তিনি নিজে স্বিকারোক্ত দিয়েছেন । সে ভুয়া বিশেষজ্ঞ পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা প্রদান করেন।