সিরাজগঞ্জে দেশি মাছের আকাল

সিরাজগঞ্জে ভরা বর্ষা মৌসুমেও দেশি মাছের আকাল দেখা দিয়েছে। নদনদী, খালবিল, পুকুর, ডোবা ও জলাশয়গুলোতে এখন দেশি প্রজাতির মাছ খুব কমই পাওয়া যাচ্ছে। বর্তমানে জেলায় দেশি প্রজাতির মাছের স্থান দখল করেছে বিদেশি জাতের বিভিন্ন ধরনের মাছ।

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হাই ও বেলুটিয়া চরের আব্দুর রাজ্জাক জানান, আগেকার দিনে প্রতি বছর বর্ষায় পানিতে প্রচুর পরিমাণে মাছ আসত। তখন জাল পেতে নদী থেকে পোনা ধরত না যে কারণে বর্ষার পানিতে পোনা ছাড়িয়ে যেত বিভিন্ন নদী খালবিল ও জলাশয়ে। আশ্বিন, কার্তিক মাসে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ত। কিন্তু এখন তেমনটা নেই।

সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেদ আলী জানান, জেলায় দেশি জাতের মাছের উৎপাদন বৃদ্ধির জন্য ইতিমধ্যেই নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে নিমগাছী ও উল্লাপাড়ায় দুইটি হ্যাচারি স্থাপন করা হয়েছে। নিমগাছী হ্যাচারিতে গোলশা, টেংরা, পাবদাসহ বিভিন্ন প্রজাতির এবং উল্লাপাড়ায় রুই, কাতলাজাতীয় মাছের রেণু পোনা উৎপাদন করা হচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় ১০/১২টি মৎস্য অভয়াশ্রম তৈরি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম পাশে প্রায় ১২ কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। যার ফলে যমুনা নদীতে দেশি মাছগুলো আবারও পাওয়া যাবে।